শনিবারও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

ঈদুল ফিতরের দীর্ঘ অবকাশ শেষে সরকারি-বেসরকারি অফিসে কাজ শুরু হলেও শিক্ষাপ্রতিষ্ঠান এখনও খোলেনি। টানা ছুটির পর আগামী রোববার (২৯ মার্চ) থেকে শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। তবে রমজান ও ঈদের দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের যে ‘শিখন ঘাটতি’ হয়েছে তা পুষিয়ে নিতে শনিবারও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সেটি দীর্ঘ সময় ধরে চলবে না।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীনের সই করা এক আদেশে বলা হয়, রমজানজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে।
এমতাবস্থায়, উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা করা হয়েছে। একইসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গত ১৯ ফেব্রুয়ারি থেকে ছুটি ঘোষণা করে সরকার। এ ছুটি চলবে ২৬ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ রয়েছে। ২৯ মার্চ থেকে শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা।