Advertisement

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ

এশিয়া পোস্ট নিউজ
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ
কুমিল্লা শিক্ষাবোর্ড। ছবি: সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ। এই বোর্ডে মোট ৯৫ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী পাশ করেছে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এবার এ বোর্ড থেকে মোট ১ লাখ ৪৭ হাজার ২২৫ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ১ হাজার ৩৯০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

পাসের হারের দিক থেকে কুমিল্লা বোর্ডেও ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। এই বোর্ডে ছেলেদের পাসের হার ৬৩.২৪ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার দাঁড়িয়েছে ৬৬.৮৮ শতাংশ। মোট উত্তীর্ণদের মধ্যে ৫৮,১৯৬ জন ছাত্রী এবং ৩৭,২০৩ জন ছাত্র। বিপরীতে অকৃতকার্য হয়েছে মোট ৫০ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী।

প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। এছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সকল বোর্ড মিলিয়ে দেশজুড়ে সর্বমোট গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ।

ফলাফল দেখবেন যেভাবে

শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে হবে।

পরীক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এমএমএস পাঠানোর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে এসএসসি <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ-এসএসসি ঢা ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

পুনর্নিরীক্ষণ আবেদন

ফলাফলে সংক্ষুব্ধ পরীক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণের (চ্যালেঞ্জ) আবেদন করতে পারবে। এ সংক্রান্ত নির্দেশিকা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাবে।

উল্লেখ্য, কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি এসে ফলাফল পাওয়া যাবে না।