Advertisement
ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টর কার্যালয়ে তালা দিলেন শিক্ষার্থীরা

এশিয়া পোস্ট নিউজ, জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টর কার্যালয়ে তালা দিলেন শিক্ষার্থীরা
প্রক্টর কার্যালয়ে তালা। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা রোববার (১৭ মে) থেকে নতুন প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচি ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ফজিলাতুন্নেছা হল সংসদের সাধারণ সম্পাদক ফারজানা তাবাসসুম বলেন, ১২ মে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। পরদিন ১৩ মে নারী শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ছয় দফা দাবি জানান। অপরাধীকে গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময় পার হলেও অপরাধী গ্রেপ্তার হননি। প্রশাসন শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উপাচার্যের বাসভবনের সামনে সারা রাতের অবস্থান কর্মসূচিতে কয়েকজন নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত অবস্থান করলেও প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ দেখা যায়নি। ভোর পর্যন্ত প্রক্টর আন্দোলনকারীদের সামনে আসেননি। পরে উপাচার্যের বাসভবন থেকে বের হয়ে প্রক্টর আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ‘ষড়যন্ত্রকারী’ বলে আখ্যা দেন। তাদের ভাষ্য, এই বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং আন্দোলনকে হেয় করার অপচেষ্টা।

এর আগে শুক্রবার রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন নারী শিক্ষার্থীরা। বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হওয়ায় প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন তারা।