আইইএলটিএস ছাড়া যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে লিডারস প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলের শিক্ষকদের উদ্যোগে পরিচালিত ‘অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৬’-এ অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের নেতৃত্বের দক্ষতা, পেশাগত সক্ষমতা এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।
আট সপ্তাহের এই অনলাইন নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে অংশ নিলে মিলবে অর্থায়ন। এ ছাড়া এই কোর্সে ইংরেজি দক্ষতা (আইইএলটিএস) স্কোর বাধ্যতামূলক নয়।
হার্ভার্ডসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মসূচিতে ক্লাস ও প্রশিক্ষণ পরিচালনা করবেন। অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, ক্যারিয়ার পরিকল্পনা এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক পর্যায়ের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাবেন।
২০১৭ সালে হার্ভার্ড বিজনেস স্কুলের শিক্ষকদের উদ্যোগে যাত্রা শুরু করা এই কর্মসূচি আগে ‘ক্রসরোডস ইমার্জিং লিডারস’ নামে পরিচিত ছিল। বর্তমানে এটি ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ নামে পরিচালিত হচ্ছে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ-তরুণীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অথবা স্নাতক সম্পন্ন হতে হবে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল, মেধাবী এবং পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হওয়া প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
অংশগ্রহণকারীরা যেসব সুবিধা পাবেন
বিশ্বমানের একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়ন কোর্সে অংশ নেওয়া
হার্ভার্ডসহ শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ
উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান পাওয়ার সম্ভাবনা
বিশ্বের মেধাবী তরুণদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ
উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে অর্থায়নের সুযোগ
ব্যবহারিক দক্ষতা উন্নয়নবিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ
আবেদনের যোগ্যতা
বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অথবা স্নাতক সম্পন্ন হতে হবে
উচ্চমাধ্যমিক পর্যায়ের ইংরেজি ভাষাজ্ঞান থাকতে হবে
আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হলে অগ্রাধিকার দেয়া হবে
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১০ জুলাই ২০২৬। বিস্তারিত এখানে ক্লিক করে দেখে আবেদন করতে হবে।




