logo

এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু আজ, ১২ হাজার গাছ লাগাবেন শিক্ষার্থীরা

এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু আজ, ১২ হাজার গাছ লাগাবেন শিক্ষার্থীরা

সারা দেশে একযোগে আজ রোববার (৩ মে) থেকে এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। তবে ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহের ক্লাস এ মাসের দ্বিতীয়ার্ধে শুরু হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখওয়াত হোসেন রোববার সকালে এমবিবিএস ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 

এদিকে নবীনদের বরণে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মেডিকেল কলেজগুলোতে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করা হবে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কেন্দ্রীয় অনুষ্ঠানের পর প্রতিটি মেডিকেল কলেজ তাদের নিজস্ব উদ্বোধনী আয়োজন করবে। প্রত্যক শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবেন। এর মাধ্যমে সারা দেশে ১২ হাজার বৃক্ষ রোপন করা হবে। 

এছাড়া নবীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং মনোবল বৃদ্ধির জন্য প্রতিটি কলেজে একটি বিশেষ মোটিভেশনাল লেকচারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে মেডিকেল শিক্ষার মানসিক চাপ থেকে উত্তরণে শিক্ষার্থীরা সহযোগিতা পাবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০টি আসন, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৭৮টি এবং সশস্ত্র বাহিনী পরিচালিত সাতটি মেডিকেল কলেজের ৪৫৫টি আসন রয়েছে।  

এমবিবিএস এবং বিডিএস কোর্সের জন্য যৌথ ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন আবেদনকারী অংশগ্রহণ করেন। বিপরীতে ১১ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।