Advertisement

ডব্লিউইউআরআই র‍্যাংকিংয়ে বাংলাদেশের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি

এশিয়া পোস্ট নিউজ
ডব্লিউইউআরআই র‍্যাংকিংয়ে বাংলাদেশের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি
ডব্লিউইউআরআই

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস ফর ইনোভেশন (ডব্লিউইউআরআই) গ্লোবাল র‍্যাংকিংস-২০২৬ এ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান পেয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি)।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ এবং বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১৩৩তম স্থান অর্জন করেছে ডব্লিউইউবি।

গত ৬ থেকে ৮ মে তাইওয়ানের নানতোউতে ন্যাশনাল চি নান ইউনিভার্সিটি আয়োজিত ‘হ্যানসিয়াটিক লীগ অব ইউনিভার্সিটিজ (এইচএলইউ)-এর ষষ্ঠ বার্ষিক সম্মেলন ও ডব্লিউইউআরআই ২০২৬ পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে ডব্লিউইউআরআই-এর প্রেসিডেন্ট কিউং-সুং কিম এ ঘোষণা দেন।

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডব্লিউইউবি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে উদ্ভাবন ও ব্যবহারিক শিক্ষায় দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্জন মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করার ক্ষেত্রে ডব্লিউইউবির অঙ্গীকারের প্রতিফলন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ডব্লিউইউআরআই র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিল্পখাত ও সমাজে বাস্তব অবদান মূল্যায়ন করা হয়। এতে শিক্ষা, গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতায় উদ্ভাবনী কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়। ডব্লিউইউআরআই র‍্যাংকিং ২০২৬-এ বিশ্বের ৯৬টি দেশের মোট এক হাজার ৯২৭টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে, যেখানে বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। এ ছাড়া তৃতীয় স্থানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), চতুর্থ স্থানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং পঞ্চম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তালিকার ষষ্ঠ অবস্থানে উত্তরা ইউনিভার্সিটি এবং সপ্তম স্থানে রয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি।

ডব্লিউইউআরআই র‍্যাংকিংটি প্রকাশ করা হয় মূলত হ্যানসিয়াটিক লিগ অব ইউনিভার্সিটিজের পক্ষ থেকে। নেদারল্যান্ডসের হ্যানজ ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস-এর উদ্যোক্তা। বিশ্বের ১০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, এন্ট্রাপ্রেনিউরাল স্পিরিট, ইথিকাল ভ্যালু, স্টুডেন্ট মোবিলিটি অ্যান্ড ওপেননেস ও ইথিক্যাল ভ্যালু—এই পাঁচ বিষয়ে সেরা ৫০০ এর তালিকা প্রকাশ করে তারা।

২০০৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২০১০ সালের প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইনের আওতায় গঠিত ট্রাস্টি বোর্ড দ্বারা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে।

ডব্লিউইউবি আমেরিকান শিক্ষা পদ্ধতি অনুসরণ করে এবং ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ৩০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি, সুদমুক্ত শিক্ষা ঋণ, চাকরিজীবীদের জন্য বিশেষ ক্লাস ব্যবস্থা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্রেডিট ট্রান্সফার সুবিধা এবং আধুনিক ল্যাব সুবিধা রয়েছে।

এ ছাড়া এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সমিতি এবং কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট কাউন্সিলের সদস্য। এটি ইউনেস্কোর বৈশ্বিক বিশ্ববিদ্যালয় তালিকাতেও অন্তর্ভুক্ত রয়েছে।