Advertisement

পুরোনো পদ্ধতিতেই একাদশে ভর্তি

এশিয়া পোস্ট ডেস্ক
পুরোনো পদ্ধতিতেই একাদশে ভর্তি
ছবি : সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আগের পদ্ধতিতেই হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষার ফল, মার্ক বা জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচন করা হবে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, পুরোনো পদ্ধতিতে, অর্থাৎ মার্ক বা জিপিএর ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি হবে।

এর আগে সোমবার সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল হস্তান্তর করেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এবারের ফলাফলের সার্বিক তথ্য তুলে ধরেন। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২৬ সালের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা নিয়ে গত জুলাইয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক আলোচনা হয়। ৭ জুলাই একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ চূড়ান্ত করার লক্ষ্যে সভাও অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছিল। সভায় শিক্ষামন্ত্রীসহ শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা ছিল।

এবারের ভর্তি প্রক্রিয়ায় নতুন কোনো পদ্ধতি চালু হবে কি না, তা নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে আগ্রহ ছিল। শিক্ষামন্ত্রীর আজকের বক্তব্যে ভর্তি পদ্ধতির বিষয়টি পরিষ্কার হলো। তার বক্তব্য অনুযায়ী, ফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের একাদশে ভর্তির জন্য নির্বাচন করা হবে।

তবে ভর্তি আবেদনের সময়সূচি, আবেদন ফি, কলেজ ও বিষয় পছন্দের নিয়ম, আসনসংখ্যা, ন্যূনতম যোগ্যতা এবং ভর্তি নিশ্চিত করার সময়সীমাসহ বিস্তারিত তথ্য এখনো পৃথক ভর্তি বিজ্ঞপ্তি বা নীতিমালার মাধ্যমে জানানো হবে।