প্রয়োজনে জীবন দেব, কিন্তু এই লড়াই অব্যাহত রাখব: মুসাদ্দিক

রাজধানীর শাহবাগ থানার ভেতরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় আহত ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক বলেছেন, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনার বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। প্রয়োজনে আমরা মরে যাব, প্রয়োজনে আমরা জীবন দেব কিন্তু আমরা আমাদের এই লড়াই অব্যাহত রাখব।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মুসাদ্দিক বলেন, যারা মনে করেছেন হামলা মামলা করে মেরে ফেলে ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনবেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে শাহবাগ থানার ভেতরে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (২২), ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম (২১), শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশিষ (২৪), ও আলবি (২২)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা সর্বমিত্র চাকমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে থানার ভেতরে উত্তেজনা তৈরি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ মোট আটজন আহত হন। পরে তাদের উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শাহবাগ এলাকা থেকে আহত অবস্থায় আটজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।