logo

এশিয়া পোস্ট বাংলাদেশ ও মানুষের স্বার্থে নিবেদিত হোক: ইবি উপাচার্য

এশিয়া পোস্ট বাংলাদেশ ও মানুষের স্বার্থে নিবেদিত হোক: ইবি উপাচার্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যমের স্লোগানকে সামনে রেখে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির প্রেস কর্নারে কেক কেটে এ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম নাহিদ, বর্তমান সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল রানা, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাসেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, আমি শুনেছি এশিয়া উইকের নাম। কিন্তু এশিয়া পোস্ট—এটাও অনেক সুন্দর। আমার মনে হয় একটি বৃহৎ একটা পরিকল্পনা নিয়ে এশিয়া পোস্ট যাত্রা শুরু করেছে। আশা করছি তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। মিডিয়া জগতে এশিয়া পোস্ট নতুন সংযোজন এবং চমৎকার সংযোজন। এই সংযোজনের সঙ্গে যারা শ্রম দিয়েছেন বা যারা ওতপ্রোতভাবে জড়িত, তাদের মঙ্গল কামনা করি। উত্তরোত্তর তাদের মঙ্গল কামনা করি।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, যত বেশি সাংবাদিকতার চর্চা হবে, তত বেশি গণতান্ত্রিক চর্চা এগিয়ে যাবে। কথা বলার অধিকার হতে হবে মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে। সমাজের দুর্বলতাগুলো চিহ্নিত করার জন্য, সমাজের ত্রুটিগুলো তুলে ধরে তা সংস্কারের পথ তৈরি করার জন্যই সাংবাদিকতা কাজ করবে। এটিই মূলত সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা।

এ ছাড়া তিনি বলেন, এশিয়া পোস্ট একটি নতুন সংবাদ প্ল্যাটফর্ম। এখানে মূলত দুটি কাজ গুরুত্বপূর্ণ—সংবাদ ও তথ্য সংগ্রহ এবং সংবাদ ও তথ্য প্রচার। এই উভয় ক্ষেত্রেই সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং কল্যাণমুখী দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিতে হবে। এশিয়া পোস্ট নিবেদিত হোক কল্যাণের জন্য, এশিয়া পোস্ট নিবেদিত হোক বাংলাদেশের স্বার্থে, এশিয়া পোস্ট নিবেদিত হোক মানুষের স্বার্থে—এই হোক আমাদের প্রত্যয়।