একাদশে তৃতীয় ধাপে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা

একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তৃতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৬ অক্টোবর (সোমবার)। ২৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল ৩০ অক্টোবর (শুক্রবার) রাত ৮টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর থেকে ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত কলেজ মনোনয়ন পাওয়া ছাত্র-ছাত্রীরা নিশ্চায়ন করতে পারবে।
পছন্দক্রম অনুযায়ী তৃতীয় ধাপে নিশ্চয়নকৃত ছাত্র-ছাত্রীদের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। আর আগামী ২ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তি হতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি সর্বশেষ তৃতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র তাদের অনলাইন আবেদন ফি ২২০ টাকা জমা দিতে হবে না। এ ধরনের শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটের লগ ইন করে সিলেকশন/এডিট সম্পন্ন করতে হবে।
