ঢাবির হলে দেয়াল লিখন ঘিরে উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলে দেয়াল লিখনকে কেন্দ্র করে হল সংসদ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এ ঘটনা ঘটে।
বিজয় একাত্তর হল সংসদের পাঠকক্ষ সম্পাদক তারেক রহমান সাকিব এশিয়া পোস্টকে জানান, ছাত্রদলের আহমেদ শাহরিয়ার নীড় হলের দেয়ালে ‘গুপ্ত’ সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক দেয়াল লিখন করছিল। নীড় হল সংসদের কক্ষের দেয়ালে লিখতে এলে আমি বলি, এখানে এসব করো না। অযথা রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে লাভ নেই।
আহমেদ শাহরিয়ার নীড়কে গালি দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সে ২৩-২৪ সেশনের এবং আমার জুনিয়র। আমি তাকে কিছুই বলেনি। তারা সামান্য ঘটনাকে বড় করে মিছিল বের করে।
বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক স ম আলী রেজা বলেন, ছাত্রদলের দেয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। ছাত্রদলের একজন কর্মী দেয়াল লিখন করতে গেলে হল সংসদের একজন সদস্য বাধা দেয়। পরে নিজেরা আলোচনার করে বিষয়টির মীমাংসা করে নেয়। হাউস টিউটররা ঘটনাস্থলে পৌঁছে দেখেন পরিস্থিতি স্বাভাবিক। তারা এখনো ঘটনাস্থলে অবস্থান করছেন।