logo

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ঢাবি-বুয়েটকে পেছনে ফেলল দেশের ৪ বিশ্ববিদ্যালয়

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ঢাবি-বুয়েটকে পেছনে ফেলল দেশের ৪ বিশ্ববিদ্যালয়
ছবি: টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইট থেকে নেওয়া

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’ প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে। তবে শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জায়গা পায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটকে পেছনে ফেলে দেশের চারটি বিশ্ববিদ্যালয় ৮০১ থেকে ১০০০ র‍্যাঙ্কের মধ্যে স্থান পেয়েছে। এগুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে ২০২৭ সালের এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়।

র‍্যাঙ্কিংয়ে শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার পরিবেশ ও মান, গবেষণার প্রভাব, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে। বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে এই তালিকায় স্থান পেয়েছে।

টাইমস হায়ার এডুকেশন পাঁচটি প্রধান ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করে। এগুলো হলো শিক্ষার মান, গবেষণার পরিবেশ, গবেষণার শ্রেষ্ঠত্ব, শিল্পখাতের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক সম্ভাবনা।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১ থেকে ১০০০ র‍্যাঙ্কের ব্যান্ডে যৌথভাবে রয়েছে এআইইউবি, ডিআইইউ, জাবি ও এনএসইউ।

১০০১ থেকে ১২০০ র‍্যাঙ্কের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

১২০১ থেকে ১৪০০ র‍্যাঙ্কের মধ্যে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

১৪০১ থেকে ১৬০০ র‍্যাঙ্কের মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া ১৮০১ থেকে ২০০০ র‍্যাঙ্কের মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

সব মিলিয়ে তালিকায় র‍্যাঙ্কিংয়ে থাকা ২৫টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের মূল তালিকায় স্থান না পাওয়া আরও ১০টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। এগুলো হলো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এসব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে অংশ নিলেও মূল র‍্যাঙ্ক পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় ২০২৭ সালের র‍্যাঙ্কিংয়ে নির্দিষ্ট অবস্থান পায়নি।

টাইমস হায়ার এডুকেশনের তালিকায় প্রথম স্থানে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে প্রিন্সটন ইউনিভার্সিটি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। পঞ্চম স্থানে কেমব্রিজ ইউনিভার্সিটি, ষষ্ঠ স্থানে হার্ভার্ড ইউনিভার্সিটি, সপ্তম স্থানে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, অষ্টম স্থানে ইম্পেরিয়াল কলেজ লন্ডন আর যৌথভাবে ৯ম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এবং ইয়েল ইউনিভার্সিটি। আর ১১তম অবস্থানে রয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়।