পরীক্ষার্থীকে বাসায় ডেকে খাতায় লেখানোর অভিযোগে তদন্ত কমিটি
এশিয়া পোস্ট প্রতিবেদক

একটি গণমাধ্যমে প্রকাশিত 'বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক' শিরোনামে খবর প্রকাশের পর এ বিষয়ে তদন্ত কমিটি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড রাজশাহী।
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুর রউফ স্বাক্ষরিত অফিস আদেশে আজ বৃহস্পতিবার বলা হয়- পরীক্ষক সেকেন্দার আলী (রাজশাহীর হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক) ফোন করে পরীক্ষার্থীদের ডেকে টাকার বিনিময়ে খাতায় লিখে নম্বর বৃদ্ধি করেছেন মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি করেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন। কমিটিকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

