logo

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে যবিপ্রবিতে মানববন্ধন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে যবিপ্রবিতে মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে যবিপ্রবির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের এনপিবি নিউজের প্রতিনিধি ও যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক এটিএম মাহফুজ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি তানভীর খন্দকার, জনকন্ঠের প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক যশোরের প্রতিনিধি রকিবুল হাসান তারেক, রাইজিং বিডির প্রতিনিধি ইমদাদুল ইসলাম ও যবিপ্রবিসাস সদস্য রোকাইয়া।

মানববন্ধনে যবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক এটিএম মাহফুজ বলেন, স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে দেশ-জাতির কল্যাণে গনমাধ্যম সব সময় স্বাধীনভাবে কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে কাজ করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ক্ষমতাসীন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা করলো। যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। 

যবিপ্রবিসাস সদস্য রোকাইয়া বলেন, ‘ঢাবির সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার মতো নিকৃষ্ট কাজের প্রতিবাদ স্বরূপ আমরা এ মানববন্ধন কর্মসূচি। আমরা মনে করি সাংবাদিক যেখানে সর্বদা সত্য প্রকাশে সোচ্চার তাদের ওপর এমন হামলা অমানবিক এবং প্রশ্নবিদ্ধ একটি কাজ। আমরা দ্রুতই এ ঘটনার পূর্ণ তদন্ত ও শাস্তির বাস্তবায়ন চাই।’

মানববন্ধনের সমাপনী বক্তব্যে যবিপ্রবিসাস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি রুহুল আমিন বলেন, ‘গত বৃহস্পতিবার শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক সহকর্মী ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন। আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।’ 

তিনি আরও জানান, দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এমন হামলা শুধু দুঃখজনকই নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের ওপর জোর দাবি জানান তিনি।