logo

এবার মাদরাসায় বার্ষিক ছুটি ৭০ দিন

এবার মাদরাসায় বার্ষিক ছুটি ৭০ দিন

২০২৬ সালের ছুটির চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এতে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া বাৎসরিক ছুটি রাখা হয়েছে ৭০ দিন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ফিরোজ আল মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার ছুটির তালিকাটি অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। 

প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসায় ছুটি শুরু হবে। এ ছুটি থাকছে রোজা, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জুমাতুল বিদা, লাইলাতুল কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস। এ ছুটি ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে।

দ্বিতীয় সর্বোচ্চ ছুটি থাকবে ১৫ দিন—ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে এ ছুটি। দুর্গাপূজার জন্য তিন দিনের ছুটি রাখা হয়েছে। এ ছাড়া শীতকালীন অবকাশসহ অন্যান্য ছুটি মিলিয়ে ১০ দিন নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন।

এদিকে তালিকায় ২০২৬ শিক্ষাবর্ষে ইবতেদায়ি ও দাখিল স্তরের পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। মাদরাসাগুলোর অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হবে ২৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত। ইবতেদায়ি ও দাখিল পর্যায়ের নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আর বার্ষিক পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর থেকে এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।