একাদশে ভর্তিতে সাড়ে ৯ লাখের বেশি আবেদন

একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের অনলাইনে ভর্তি আবেদন শেষ হয়েছে রোববার রাত ৮ টায়। ভর্তি হতে সাড়ে ৯ লাখের বেশি ছাত্র-ছাত্রী অনলাইনে আবেদন করেছে বলে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি এশিয়া পোস্টকে জানান। তিনি বলেন, ভর্তি আবেদন প্রক্রিয়ার দেখভালের দায়িত্বে রয়েছে বুয়েট। তারা এখনও আবেদনকারিদের সংখ্যা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি। তবে সাড়ে ৯ লাখের বেশি আবেদন পড়েছে বলে বুয়েট থেকে জেনেছি।
একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয় গত ২ সেপ্টেম্বর। ভর্তি নির্দেশিকা অনুসরণ করে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮ টায়।
তথ্যমতে- ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় পাবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮ টায়।
ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

