গণমাধ্যমকর্মীদের সঙ্গে হাইআতুল উলয়ার মতবিনিময় সভা

দেশের কওমি মাদ্রাসার শিক্ষা এবং এর বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আলেম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশে এর আয়োজন করা হয়।
সভায় আল-হাইআতুল উলয়ার পক্ষে সূচনা বক্তব্য দেন বোর্ডটির সদস্য মাওলানা মাহফুজুল হক।
বোর্ড সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া ও মাওলানা মুফতি এনামুল হক, বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।
তারা কওমি মাদ্রাসা শিক্ষার পরিচয়, বৈশিষ্ট্য ও স্বকীয়তা এবং আল-হাইআতুল উলয়া ও এর অধীন ছয়টি শিক্ষা বোর্ডের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। সাম্প্রতিক প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আল-হাইআতুল উলয়ার অবস্থান তুলে ধরেন।
একই সঙ্গে তারা জাতি গঠন, সত্য প্রতিষ্ঠা এবং জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। কওমি মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখার জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তারা।
সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা আল-হাইয়াতুল উলয়ার বিভিন্ন বিষয়ে জানতে চান। একই সঙ্গে তারা গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন। তারা এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় আলেম সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেইল ডটকমের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, শীলন বাংলার সম্পাদক মাসউদুল কাদির, সময় টেলিভিশনের অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর মুফতি আবদুল্লাহ তামীম, এশিয়া পোস্টের সহসম্পাদক রায়হান রাশেদ, গ্লোবাল টেলিভিশনের সহসম্পাদক জামিল আহমদ, দৈনিক কালবেলার সহসম্পাদক (হেড অব ইসলাম) আবু তালহা রায়হান, দৈনিক নয়া দিগন্তের সহসম্পাদক বেলায়েত হোসাইন, আজকের পত্রিকার সহসম্পাদক কাউসার লাবীব, বাংলা পোস্টের সহসম্পাদক হাসান আল মাহমুদ, এনপিবির সহসম্পাদক জাওয়াদ আহমদ এবং ফেস দ্য পিপলের স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রইস।




