logo

পে-স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা দিল মাউশি

পে-স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা দিল মাউশি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ছবি: কোলাজ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন সব কার্যালয় ও প্রতিষ্ঠানে কর্মরত জনবলের পদ, গ্রেড ও পদসংখ্যাসহ পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন নির্ধারণের প্রস্তুতি হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়।

আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কার্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি থেকে এ-সংক্রান্ত জারি করা চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram Sub-module-এর ডেটাবেইসে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলছে। এতে কর্মীদের পদ বা পদবি, মূল গ্রেড (Substantive Grade) এবং অনুমোদিত পদসংখ্যা অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার পাশাপাশি iBAS++-এর Pay Fixation Sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ তথ্য প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মাউশির অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোও Organogram Sub-module-এ এন্ট্রি করতে বলা হয়েছে।

এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার (পূর্বের ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা) পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।

নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (Substantive Grade) পদসংখ্যা, মন্তব্য চাওয়া হয়েছে।

মাউশি বলেছে, তথ্যের হার্ড কপি মাউশির উপপরিচালক, এইচআরএম বরাবর পাঠাতে হবে। ঠিকানা হিসেবে রুম নম্বর-৫৩০, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সফট কপি Nikosh ফন্টে Word Document হিসেবে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, সফট কপি পাঠাতে হবে [email protected] ঠিকানায়। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠিয়ে Organogram Sub-module-এ প্রয়োজনীয় তথ্য এন্ট্রির কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।