শিক্ষাব্যবস্থায় রাজনৈতিক বিভাজন আনা উচিত নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থায় রাজনৈতিক বিভাজন আনা উচিত নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় রাজনৈতিক বিভাজন আনা উচিত নয়। আমি চাই নিরপেক্ষভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হোক, যাতে কোনো গোষ্ঠী বঞ্চিত না হয়। শিক্ষাব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিমধ্যে প্রস্তুতিমূলক কাজ করছি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হলেই সেগুলো বাস্তবায়ন শুরু করা হবে।
মন্ত্রী বলেন, ব্যক্তিগত স্বার্থে নয়, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বকে ‘ইবাদত’ হিসেবে নিয়ে কাজ করতে এসেছি। আমি এখানে কোটিপতি হতে, চুরি করতে বা ক্ষমতার অপব্যবহার করতে আসিনি। বরং দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করার লক্ষ্য নিয়েই কাজ করছি। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই চেষ্টা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে।
তিনি বলেন, আমি মনে করি অতিরিক্ত প্রচারের প্রয়োজন নেই। এখন আমার লক্ষ্য হলো স্থিরভাবে কাজ করা এবং কোনো ভুলের কারণে যেন ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকা। অনেক সময় কিছু বিষয়ে আলোচনা হলেও তা ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। যেমন—ম্যানেজিং কমিটি গঠন বা বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন সময় শিক্ষক ও কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘ সময় অনেককে সুযোগ দেওয়া হয়নি। তাই নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় কাউকে বাদ দিয়ে নয়, বরং সবার জন্য ন্যায়সংগত সুযোগ তৈরি করার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।