logo

নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধ কমছে: শিক্ষামন্ত্রী

নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধ কমছে: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত 'হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬' অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী। ছবি: এশিয়া পোস্ট

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নৈতিক শিক্ষা, ইসলামিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। সামাজিক অবক্ষয় রোধ করতে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত 'হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা যদি দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে যাই তবে তা জাতির জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আগামী দিনের শিক্ষাব্যবস্থার মাঝে ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই। এ জন্য আমাদেরকে ধর্মীয় শিক্ষায় আরও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আজকের পৃথিবীতে টিকে থাকতে হলে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। এ জন্য ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ আধুনিক শিক্ষার সমন্বয়ে আমাদের শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে হবে। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও মন্ত্রী এ সময় উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যে এ দেশের প্রচুর প্রবাসী রয়েছেন। তারা যদি আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে তাহলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও অনেক বৃদ্ধি করা সম্ভব।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানসমূহ থেকে হিফয সমাপনকারী ১৭৫৭ জন ছাত্র-ছাত্রীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল মামুন স্বাগত বক্তব্য রাখেন।