Advertisement

তদন্তের মুখে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শাস্তি হতে পারে যাদের

এশিয়া পোস্ট নিউজ
তদন্তের মুখে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শাস্তি হতে পারে যাদের
ছবি : সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে শতভাগ ফেল করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে মন্ত্রণালয়।

Advertisement

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্র জানিয়েছে, ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন শূন্য পাস করা ২২৬টি প্রতিষ্ঠানপ্রধানকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ৫৭টি প্রতিষ্ঠানপ্রধানদের এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২৯টি প্রতিষ্ঠানের প্রধানকে আজ বুধবার চিঠি পাঠানোর কথা রয়েছে।

তিন পদ্ধতিতে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে যেসব প্রতিষ্ঠানে প্রথমবার শতভাগ অকৃতকার্য হয়েছে, যেসব প্রতিষ্ঠানে দ্বিতীয়বার এবং যেসব প্রতিষ্ঠানে তৃতীয়বার শতভাগ অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানপ্রধানকে সরাসরি শিক্ষা বোর্ডে এসে জবাব দিতে হবে।

প্রতিষ্ঠানপ্রধানদের সন্তোষজনক জবাব না পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে তৃতীয়বার অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর এমপিও সুবিধা বাতিলের সুপারিশ করবে বোর্ড।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, ‘যদি এটা প্রথবার হয়ে থাকে, তাহলে একধরনের বিধান, যদি দ্বিতীয়বার হয়, তাহলে আরেকটু শক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর যদি তৃতীয়বার এমন ফলাফল হয়, তাহলে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, প্রথমবার যাদের এমন ফলাফল এসেছে, তাদের সুযোগ দেওয়ার বিষয়টা দেখব। আর তৃতীয়বার শূন্য ফলাফলের কারণে তাদের কোনো সুযোগ দেওয়ার পক্ষে আমরা না। কারণ পরপর তিনবার একটা প্রতিষ্ঠান যদি জিরো পার্সেন্ট রেজাল্ট হয়, তাহলে শিক্ষায় তাদের কোনো অবদান নেই। তারা শুধু সরকারের জন্য বোঝা।’

তবে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর এমপিও বন্ধ বা বেতন বন্ধ হবে, এমনটা হচ্ছে না বলে জানান তিনি।

গত ১০ আগস্ট (সোমবার) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

এবার ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। প্রায় ৭ লাখ পরীক্ষার্থী পাস করতে পারেনি।