Advertisement

সিলেট বোর্ডে পাসের হার ৫৮.৩৩ শতাংশ

এশিয়া পোস্ট নিউজ
সিলেট বোর্ডে পাসের হার ৫৮.৩৩ শতাংশ
ছবি: সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.৩৩ শতাংশ। এই বোর্ডে মোট ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

Advertisement

ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এবার সিলেট বোর্ড থেকে মোট ৮৯ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। এর মধ্যে ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৬০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সিলেট বোর্ডেও ছেলেদের চেয়ে মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে। এ বোর্ডে ছেলেদের পাসের হার ৫৬.১২ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার দাঁড়িয়েছে ৫৯.৭৮ শতাংশে। মোট উত্তীর্ণদের মধ্যে ৩২,০৬৮ জন ছাত্রী এবং ১৯,৮৮৯ জন ছাত্র। অন্যদিকে, এ বছর সিলেটে অকৃতকার্য হয়েছে মোট ৩৭ হাজার ১২২ জন পরীক্ষার্থী।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যার তুলনায় সিলেট বোর্ডের পাসের হার (৫৮.৩৩%) কিছুটা কম। এছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সকল বোর্ড মিলিয়ে দেশজুড়ে সর্বমোট গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ।

ফলাফল দেখবেন যেভাবে

শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে হবে।

পরীক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এমএমএস পাঠানোর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে এসএসসি <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ-এসএসসি ঢা ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

পুনর্নিরীক্ষণ আবেদন

ফলাফলে সংক্ষুব্ধ পরীক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণের (চ্যালেঞ্জ) আবেদন করতে পারবে। এ সংক্রান্ত নির্দেশিকা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাবে।

উল্লেখ্য, কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি এসে ফলাফল পাওয়া যাবে না।