ঢাবিতে বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজয় বাংলা এলাকায় বজ্রপাতে দুজন নারী শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন সহপাঠী আগলিনা। তিনি জানান, বিকেল ৫টার দিকে ঝড়-বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা এলাকায় অবস্থান করছিলেন তারা। এ সময় বজ্রাঘাতে তারা গুরুতর আহত হন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার হয়। এখন তারা চিকিৎসাধীন রয়েছে।
আহত দুজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থী বলে জানান আগলিনা।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বজ্রাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদের দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে কয়েক দিনের তীব্র গরমের পর মুষলধারে বৃষ্টি নেমেছে ঢাকায়। এতে শহরবাসীর জীবনে নেমে এসেছে স্বস্তি। একই সঙ্গে সারা দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সময় বজ্রাঘাতে বেশ কয়েকজন মারা গেছেন।
এশিয়া পোস্টের প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী, বজ্রাঘাতে গাইবান্ধায় পাঁচজনসহ পাঁচ জেলায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে।