প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ এপ্রিল থেকে দেশের ৬১ জেলায় এ পরীক্ষা শুরু হবে। পার্বত্য ৩ জেলা-বান্দরবান, খাগরাছড়ি ও রাঙামাটিতে এ পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল।
বুধবার (২৫ মার্চ) অধিদপ্তরের জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।
প্রথম দিন ১৫ এপ্রিল (বুধবার) ৬১ জেলায় বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) ইংরেজি, ১৭ এপ্রিল (শুক্রবার) প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল (শনিবার) বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে পার্বত্য তিন জেলায় ১৭ এপ্রিল (শুক্রবার) প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা। এরপর ১৯ এপ্রিল (রোববার) বাংলা এবং ২০ এপ্রিল (সোমবার) ইংরেজি বিষয়ের মাধ্যমে পরীক্ষা শেষ হবে।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ করা হয়েছে। সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করতে বলা হলো।
গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে পরীক্ষা সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।