সাইলেন্ট এক্সপেল কী, কীভাবে করা হয়

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ২১ এপ্রিল থেকে। এই পরীক্ষা পরিচালনার নতুন নীতিমালায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে শিক্ষা বোর্ড।
এবার পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’-এর ব্যবস্থা কার্যকর থাকছে। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা থেকে এ তথ্য জানা গেছে।
সাইলেন্ট এক্সপেল কী
পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী সরাসরি নকল বা অসদুপায় অবলম্বনে ধরা না পড়লেও যদি বারবার নিয়ম ভঙ্গ করে। যেমন অন্যের খাতা দেখে লেখা বা কথা বলা, এর ফলে কক্ষ পরিদর্শক তাকে ‘নীরব বহিষ্কার’ করতে পারেন। এতে পরীক্ষার্থী তাৎক্ষণিক বুঝতে পারেন না যে তিনি বহিষ্কৃত হয়েছেন; কিন্তু পরবর্তী সময় পরীক্ষার খাতা বাতিল করা হয়।
এটি কীভাবে কার্যকর হয়
নির্দেশনা অনুযায়ী, নীরব বহিষ্কৃত পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের (Creative Answer Script) কভার পৃষ্ঠার প্রথম অংশ না ছিঁড়েই প্রত্যবেক্ষকের প্রতিবেদনসহ বোর্ডের ওয়েবসাইটে প্রদত্ত গোপনীয় ফরমে সঠিকভাবে প্রস্তুত করে জমা দিতে হবে। উত্তরপত্রের প্যাকেটের ওপরে লাল কালি দিয়ে স্পষ্টাক্ষরে ‘রিপোর্টেড’ (Reported) লিখে কেন্দ্রের অন্যান্য উত্তরপত্রের বাক্সে/বস্তায় আলাদাভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে।
পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ
নীরব বহিষ্কারের ক্ষেত্রে এর কারণ সুস্পষ্টভাবে প্রত্যবেক্ষকের প্রতিবেদনে উল্লেখ থাকতে হবে। সাইলেন্ট এক্সপেল হওয়া পরীক্ষার্থীকে নিয়ম অনুযায়ী পরবর্তী বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে। তবে পরবর্তী বিষয়ের পরীক্ষায় সে অসদুপায় অবলম্বন না করলেও তার পরবর্তী সকল বিষয়ের সৃজনশীল উত্তরপত্র (কভার পৃষ্ঠার ১ম অংশ না ছিঁড়ে) ও নৈর্ব্যক্তিক উত্তরপত্র প্রত্যেক বিষয় ও পত্রের সঙ্গে নীরব বহিষ্কারের বিষয়, পত্র ও কারণ উল্লেখ করে প্রতিবেদনসহ আলাদা প্যাকেটে কেন্দ্রের উত্তরপত্রের বাক্সে/বস্তায় পৃথকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।
চূড়ান্ত ফলাফলের সময় বোর্ড কর্তৃপক্ষ তার অপরাধের মাত্রা অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এই পরীক্ষাকে কেন্দ্র করে প্রকাশিত নতুন নীতিমালায় ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থার অন্তর্ভুক্তি পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং অসদুপায় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।