logo

ঢাবি ক্যাম্পাসে লাঠি হাতে নারীকে যুবকের হেনস্তা, তদন্তে কমিটি

ঢাবি ক্যাম্পাসে লাঠি হাতে নারীকে যুবকের হেনস্তা, তদন্তে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দুই নারীকে হেনস্তার অভিযোগ উঠেছে। সাহরি খেয়ে ভোরে ঘুরতে আসার পর তারা দুই যুবকের হাতে লাঞ্ছিত হন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে নানা সমালোচনার সৃষ্টি হয়।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে। ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে  তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভিডিওতে দেখা যায়, দুই নারী দাঁড়িয়ে রয়েছেন। তাদের মধ্যে একজনের দিকে লাঠি হাতে তেড়ে আসেন এক যুবক। তার কাছাকাছি আরও এক যুবককে দেখা যায়। ভুক্তভোগী ওই নারী কাঁদতে কাঁদতে বিচারের দাবি জানান। তিনি অভিযোগ করে বলেন, পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসেছিলেন তারা। একপর্যায়ে তাদের হেনস্তা করা হয়েছে। ওই ছাত্র তাদের ‘প্রস্টিটিউট’ বলে ইঙ্গিত করেছেন।

ভুক্তভোগী নারীকে আরও বলতে শোনা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা নিরাপদ না।...বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের মারে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, লাঠি হাতে নারীর দিকে তেড়ে আসা যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব। ভিডিওতে থাকা আরেক যুবক বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার তুষার।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, ভিডিওটি দেখার পর ঘটনার সত্যতা জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।