৪৯তম বিসিএসে সমাজকল্যাণে প্রথম, গেজেটে নাম নেই ঢাবির বেলালের

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারের সমাজকল্যাণ বিষয়ে প্রথম হয়েও চূড়ান্ত গেজেটে নাম আসেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন বেলালের। গেজেটে নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, জুলাইয়ে সক্রিয় থাকার কারণেই কি তাকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে?
বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে ৬১১ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ গত বছরের ১১ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত ফলে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলে চূড়ান্ত ফলে সুপারিশ পাওয়া ৫৭ জনের নাম গেজেটে স্থান পায়নি।
আব্দুল্লাহ আল মামুন বেলাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী। ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে সমাজকল্যাণ বিষয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন বলে জানা গেছে। তবে গেজেট প্রকাশের পর তার নাম সেখানে পাওয়া যায়নি।
গেজেটে নাম না আসার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে বেলাল লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, গেজেট থেকে বঞ্চিত করার জন্য ধন্যবাদ। ৪৯তম বিসিএসে সমাজকল্যাণে ১ম হয়েও আমার গেজেটে নাম এলো না। জুলাইয়ে সক্রিয় ছিলাম। আমার অপরাধ কী বুঝতে পারলাম না। এটাই কি আমার অপরাধ? নিশ্চয়ই, আল্লাহ উত্তম ফয়সালাকারী।’
তবে ঠিক কী কারণে তার নাম চূড়ান্ত গেজেটে অন্তর্ভুক্ত হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছিল। কয়েকটি পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী সুপারিশ করা সম্ভব হয়নি। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়।
