চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯.৪৮ শতাংশ। এ বোর্ডে মোট ৭৭ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।
ফলাফল অনুযায়ী, চট্টগ্রাম বোর্ড থেকে এবার ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৪৬৩ জন অনুপস্থিত ছিল।
অন্যান্য বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে। এ বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬০.০৩ শতাংশ, আর ছেলেদের পাসের হার ৫৮.৭৬ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ৪৪,৪২০ জন ছাত্রী এবং ৩৩,০৩৩ জন ছাত্র। আর এবার অকৃতকার্য হয়েছে মোট ৫২ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী।
সারাদেশের চিত্রে দেখা যায়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যেখানে চট্টগ্রাম বোর্ডের পাসের হার কিছুটা কম (৬২.২১%)। এছাড়া মাদরাসা ও কারিগরি বোর্ডসহ সর্বমোট পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ।
ফলাফল দেখবেন যেভাবে
শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে হবে।
পরীক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।
এছাড়াও যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এমএমএস পাঠানোর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।
এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে এসএসসি <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ-এসএসসি ঢা ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
পুনর্নিরীক্ষণ আবেদন
ফলাফলে সংক্ষুব্ধ পরীক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণের (চ্যালেঞ্জ) আবেদন করতে পারবে। এ সংক্রান্ত নির্দেশিকা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাবে।
উল্লেখ্য, কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি এসে ফলাফল পাওয়া যাবে না।
.png)


