logo

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, যেভাবে দেখবেন

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, যেভাবে দেখবেন

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৩০ শতাংশ।

বুধবার (১৫ এপ্রিল) সকালে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ছিল এক লাখ ৬৬ হাজার ১৬২ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন এক লাখ ২৫ হাজার ৯৩৮ জন এবং অনুপস্থিত ছিলেন ৪০ হাজার ২২৪ জন। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ভর্তি যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন ৩৮ হাজার ৮৮ জন, যা মোট উপস্থিত পরীক্ষার্থীর প্রায় ৩০ শতাংশ। 

এছাড়া বিভিন্ন কারণে ১১০ জনের ফল বাতিল করা হয়েছে, যার মধ্যে বহিষ্কার, রোল নম্বর ভুল, সেট ত্রুটি ও পরিচয় সংক্রান্ত ত্রুটি অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকাশিত ফলে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন তৌকির সিদ্দিক ইশতি। তিনি রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। ইশতি ৮৭ নম্বর নিয়ে প্রথম অবস্থানে রয়েছেন।

যেভাবে দেখবেন ফল 
 
প্রথমে গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর সাইন ইন পেজে গিয়ে নিজের পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন হলে ড্যাশবোর্ডে থাকা ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করলেই ফলাফল দেখা যাবে। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।
 
এ ছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।