logo

জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড়ের ঘটনায় ছাত্রদল নেত্রীকে জবি থেকে বহিষ্কার

জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড়ের ঘটনায় ছাত্রদল নেত্রীকে জবি থেকে বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে প্রকাশ্যে চড় মারার ঘটনায় ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৩ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

উপাচার্য বলেন, গত বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনার অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে ক্রীড়া কমিটির আহ্বায়ক বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূরকে ক্রীড়া কমিটি থেকে বহিষ্কার করা হলো।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড মো শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক মুহাম্মদ আনওয়ারুস সালাম উপস্থিত ছিলেন।

এর আগে, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের অষ্টম ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে জনসম্মুখে থাপ্পড় মারেন শাখা ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলীর বিরুদ্ধে। এরপর এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিয়া সুলতানা নেলী ফের জর্জিসকে শাসিয়েছেন। সাদিয়া সুলতানা নেলী ‎ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে জকসুর হল সংসদে জিএস পদে নির্বাচন করেছিলেন।

ওই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ রোববার দুই দফা দাবিতে আল্টিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ।