দুই শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

শিক্ষক ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হেনস্তার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিভিন্ন ক্যাম্পাস থেকে আসা শিক্ষার্থীরা ঢাকা কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এবং ঢাকা কলেজের মূল ফটকে সমাবেশ করেন।
এ সময় তিতুমীর কলেজের ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা এবং বদরুন্নেসা কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষিকা জিন্নাত জাহান পন্নীর বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।
তারা জানান, তিতুমীর কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সানি একটি অভিযোগ দায়ের করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। এর জেরে পহেলা বৈশাখের দিন তাকে কলেজের পাশের রাজউকের একটি পরিত্যক্ত ভবনে তুলে নিয়ে মানসিক নির্যাতন ও শারীরিকভাবে আঘাত করা হয়। এ সময় সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে বক্তব্য দিতে তাকে জোর করা হয়। রাজি না হলে তাকে ইয়াবা ও গাঁজা দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
অন্যদিকে বদরুন্নেসা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুহি অভিযোগ করেন, ভিসিকে বরণ করার সময় কিছু শিক্ষক শিক্ষার্থীদের হুমকি দেন। এ বিষয়ে প্রতিবাদ জানালে পরবর্তীতে তাকে বিভাগীয় শিক্ষকদের মাধ্যমে মানসিকভাবে হয়রানি করা হয়। একপর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
প্রতিবাদে সমাবেশ থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— হেনস্তার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে তিন দিনের মধ্যে দোষীদের শাস্তি নিশ্চিত করা। আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। ভয়ভীতি ও মিথ্যা মামলার রাজনীতি বন্ধ করে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করা।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানায়। দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।