টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা ছুটিতে যাচ্ছে। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার ছুটির মেয়াদে রয়েছে পার্থক্য।
ছুটির তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ১৮ দিন বন্ধ থাকবে কলেজগুলো। আর প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে ১২ দিন।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ছুটির তালিকা বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি। এ ছাড়া ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি রয়েছে। সব মিলিয়ে টানা ১২ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক বিদ্যালয়
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এসব বিদ্যালয়েও টানা ১২ দিন ছুটি পাওয়া যাবে।
কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর
সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুযায়ী, ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ ও বড়দিনের ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরের দুই দিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজে মোট ১৮ দিন বন্ধ থাকবে।
মাদ্রাসা
সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে টানা ১৫ দিন বন্ধ থাকবে মাদ্রাসা।
এ ছুটির মধ্য দিয়ে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটির তালিকা শেষ হবে। এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি ব্যবহার করলে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন অতিরিক্ত ছুটি পেতে পারেন।


