বিইউবিটিতে তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর ঢাকা আঞ্চলিক পর্ব। শনিবার (২ মে) রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা জেলাসহ পাশের ছয়টি জেলার কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। দিনভর এ আয়োজনে ছিল প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানামুখী চ্যালেঞ্জ।
শনিবার (২ মে) সকাল ৮টায় ভেন্যু রিপোর্টিং ও নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। এরপর শিক্ষার্থীরা নির্ধারিত কক্ষে নিজ আসন গ্রহণ করেন। সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হয় ‘এআই কোডিং প্রতিযোগিতা’—যা চলে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত। পাশাপাশি সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ‘এআই কুইজ’ প্রতিযোগিতায় নিজেদের মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় দেন।
প্রতিযোগিতা শেষে বেলা ১১টা ১০ মিনিটে শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ১৬ মে অনুষ্ঠেয় জাতীয় এআই অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।
বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান ও বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুনশি মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইআইটির পরিচালক ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) মহাসচিব অধ্যাপক ড. বি এম মাইনুল হোসেন এবং বিইউবিটির কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন বিডিওএসএনের সভাপতি মুনির হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আর ভবিষ্যতের স্বপ্ন নয়, এটি আমাদের বর্তমানের বাস্তবতা। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাবে।’
তিনি ঘোষণা করেন, এই অলিম্পিয়াডের বিজয়ীরা বিইউবিটিতে ভর্তির ক্ষেত্রে ১০০ শতাংশ ওয়েভার সুবিধা পাবেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুনির হাসান বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম মেধায় ও সম্ভাবনায় কোনো অংশে পিছিয়ে নেই। এআই অলিম্পিয়াডের মতো প্ল্যাটফর্ম তাদের সেই সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ দিচ্ছে। আমরা চাই, বাংলাদেশের শিক্ষার্থীরা বৈশ্বিক প্রযুক্তির মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরুক।
সভাপতির বক্তব্যে ড. মো. আহসান হাবীব বলেন, আজকের এই প্রতিযোগিতা শুধু একটি পুরস্কার জেতার আয়োজন নয়, এটি আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আজীবন অনুরাগ তৈরির একটি প্রয়াস। বিইউবিটি সবসময় এ ধরনের মেধাচর্চার পাশে থাকবে।
আয়োজক সংস্থা বিডিওএসএন জানায়, ঢাকা আঞ্চলিক পর্বের সফল সমাপ্তি এআইয়ের প্রতি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন। এই পর্বের বিজয়ীরা আগামী ১৬ মে চূড়ান্ত জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে।
এবারের আসরের প্লাটিনাম স্পনসর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বিইউবিটি এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পনসর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পনসর বিটনা। নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি-ডিইউ), টিভি পার্টনার দীপ্ত টিভি এবং অন্যান্য পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডটকম ও জাদু পিসি।