logo

উপাচার্যের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক ববি শিক্ষকদের

উপাচার্যের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক ববি শিক্ষকদের

পদোন্নতি, সংবিধি প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে উপাচার্যের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজ্ঞান অনুষদের ডিন ড. ধিমান কুমার রায় বলেন, দুই বছরের বেশি সময় ধরে তারা পদোন্নতি বঞ্চিত রয়েছেন। ইউজিসির সংবিধির দোহাই দিয়ে তাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংবিধি অনুযায়ী পদোন্নতি ও সংবিধি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন তারা।

শিক্ষকরা বলেন, তাদের দাবি আমলে না নেওয়ায় তারা এর আগে শাটডাউন কর্মসূচি পালন করেছেন। তারপরও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। অবিলম্বে তাদের দাবি আদায়ে উপাচার্যের বিরুদ্ধে আজ থেকে অসহযোগ কর্মসূচির ঘোষণা দেন তারা। 

শিক্ষকদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও। তবে এই আন্দোলনে শিক্ষার্থীরা সেশনজটের শিকার হবেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম পৃথক এক সংবাদ সম্মেলনে দাবি করেন, শিক্ষকদের পদোন্নতির বিষয়ে ইউজিসির সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে একটি সিদ্ধান্তে পৌঁছানো গেছে। কিন্তু শিক্ষকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানানো হলেও তারা সারা দেননি। এই অবস্থায় শিক্ষকরা অসহযোগ আন্দোলন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।