হাবিপ্রবিতে সংঘর্ষে মামলার আসামি শতাধিক

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ১০০-১২০ জনকে।
শুক্রবার (২২ মে) রাতে দিনাজপুরের কোতোয়ালি থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান।
মামলা হওয়ার পর চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তবে তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি।
এজাহারে বলা হয়, বৃহস্পতিবার দুপুরেয় শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হলের অভ্যন্তরে ভাঙচুর করে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার সরকারি সম্পদ নষ্ট করে। সহকারী প্রক্টর মবিনুল ইসলামসহ তিন ছাত্রকে আহত করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। হামলাকারীরা হাবিপ্রবির শিক্ষার্থী। তারা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল দখল ও রুম দখল করার জন্য বিভিন্ন ধরনের পাঁয়তারা করতে থাকে। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করতেছেন।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসেন, অ্যাকাউন্টিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী তাসরিফ ইসলাম প্রান্তিক, ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান দূর্জয়, ভেটেরিনারি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী আসিফ হোসেন কাফি, রসায়ন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. সোহেল রানা, অর্থনীতি বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শাকির মাহমুদ ও ভেটেরিনারি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম শামস।
এ বিষয়ে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল (শুক্রবার) রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ত্রাসকে প্রশ্রয় না দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী জানান, মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
