প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের প্রস্তুতি চলমান রাখার নির্দেশ

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে দেশজুড়ে মাঠ পর্যায়ের প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি চলমান রাখার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিসিয়াল চিঠি দেশের সব অঞ্চলের আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি কলেজ ও বিদ্যালয়ের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনের তারিখ এবং চূড়ান্ত সময়সূচি পরবর্তীতে যথাসময়ে অবহিত করা হবে। তবে জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এখন থেকেই মাঠ পর্যায়ের সব ধরনের প্রস্তুতি সচল রাখতে অনুরোধ জানানো হয়েছে।
মাউশির শারীরিক শিক্ষা শাখার উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।



