দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিতব্য ১৪৪৮ হিজরি ২০২৭ সনের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময়সীমা আগামী ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শেষ হচ্ছে। নির্ধারিত এই সময়ের মধ্যে সারা দেশের সংশ্লিষ্ট মাদরাসা ও পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংস্থার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট থেকে অনলাইনে এ বছরের দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ সময়ের মধ্যে (৩ সেপ্টেম্বর পর্যন্ত) নিবন্ধন করতে ব্যর্থ হলে পরবর্তীতে নির্ধারিত নিয়ম ও বিলম্ব ফি প্রদান সাপেক্ষে বর্ধিত সময়ে আবেদনের সুযোগ থাকবে। বর্ধিত এই সময়সীমা ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে ১৩ সেপ্টেম্বরের পর কোনো পরীক্ষার্থীর নিবন্ধনের আবেদন আর গ্রহণ করা হবে না।
বিজ্ঞপ্তিতে দেশের সকল দাওরায়ে হাদীস মাদরাসার মুহতামিম, নাজিমে তা‘লীমাত এবং অ্যাডমিনদের উদ্দেশ্যে বলা হয়েছে, কোনো যোগ্য পরীক্ষার্থী যেন নিবন্ধন থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। শেষ মুহূর্তের যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ মাদরাসার শিক্ষার্থীদের নিবন্ধন নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
এছাড়াও, আল-হাইআতুল উলয়ার অধীনস্থ সকল কওমি শিক্ষাবোর্ডের দায়িত্বশীলদেরকেও নিজ নিজ বোর্ডের আওতাভুক্ত মাদরাসাসমূহকে বিষয়টি অবহিত করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।



