এশিয়া পোস্ট সমাজের দর্পণ হিসেবে ভূমিকা রাখবে: বেরোবি উপচার্য

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও (বেরোবি) এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান পালন করা হয়েছে।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, আশা করি, সংবাদমাধ্যমটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ন্যায় ও সত্যের পক্ষে সোচ্চার থাকবে। সমাজের অন্যায়, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংবাদমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জায়গা থেকে এশিয়া পোস্ট সমাজের দর্পণ হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, এশিয়া পোস্টের এই অগ্রযাত্রা যেন নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলে এবং উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে। দেশ ও জাতির কল্যাণে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা। এশিয়া পোস্ট পরিবারের সব সদস্যের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, আশা করি, এশিয়া পোস্ট অসাম্প্রদায়িক চেতনার কথা বলবে, বাংলাদেশের কথা বলবে, মুক্তিযুদ্ধের কথা বলবে। বিশ্বের যেকোনো প্রান্তের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ এশিয়া পোস্ট তুলে ধরবে। এশিয়া পোস্টের কাছে আমাদের প্রত্যাশা, যে স্বপ্ন নিয়ে পাঠকরা অপেক্ষা করছে, সেই স্বপ্ন হয়তো পূরণ করবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বলেন, এশিয়া পোস্টের এই ঐতিহাসিক প্রেক্ষাপটে অংশীদার হতে পেরে আমি কৃতজ্ঞ। এশিয়া পোস্ট বাংলাদেশের জনমানুষের, সর্বোপরি সকলের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এই প্রত্যাশা করছি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ইলিয়াছ প্রামাণিক বলেন, বিশ্ববিদ্যালয়ের সংকটাপন্ন লগ্নে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আমাদের বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে পরিচালনা করার জন্য বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরবে এশিয়া পোস্টের কাছে এই প্রত্যাশা করি। বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা, অসত্য তথ্যের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের ইমেজ নষ্ট করে, সেক্ষেত্রে এশিয়া পোস্ট সত্য তথ্য তুলে ধরে মোকাবিলা করবে বলে আমরা আশা করছি।