logo

তৃতীয় ডিআরএমসি আন্তর্জাতিক বিজনেস সামিট অনুষ্ঠিত

তৃতীয় ডিআরএমসি আন্তর্জাতিক বিজনেস সামিট অনুষ্ঠিত
এই সামিটে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ছবি : ডিআরএমসির সৌজন্যে

শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান, উদ্যোক্তা মানসিকতা, নেতৃত্বের দক্ষতা ও পেশাগত বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে তৃতীয় ডিআরএমসি আন্তর্জাতিক বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ডিআরএমসি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাব আয়োজিত এই সামিটে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এবারের সামিটে ২১টিরও বেশি সেগমেন্ট আয়োজন করা হয়। এতে বাংলাদেশের ১০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১০টি বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ ছিল। পাশাপাশি ১৯টি দেশের অংশগ্রহণের মাধ্যমে আয়োজনটি আন্তর্জাতিক পরিসরে বিশেষ গুরুত্ব অর্জন করে। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা, ব্যবসায়িক চিন্তাভাবনা, উদ্ভাবনী ধারণা ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের সুযোগ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জনাব মিয়া নুরউদ্দিন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক, বিকেএমইএর সহসভাপতি এবং ওল্ড রেমিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ফকির কামরুজ্জামান নাহিদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, স্পনসর, পার্টনার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা।

মিয়া নুর উদ্দিন অপু বলেন, আমি এই সামিটে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমার এই কলেজে পড়ার ইচ্ছা ছিল কারণ, এই কলেজ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৈরি হয়। এই সামিটে দেশ-বিদেশের অংশ নেওয়া শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে এমন সামিট আয়োজনের মধ্য দিয়ে ডিআরএমসি বিজনেস এবং ক্যারিয়ার ক্লাব প্রমাণ করেছে তাদের দ্বারা আগামী দিনে ব্যাবসা খাতে নেতৃত্ব দেওয়া সম্ভব।

২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিআরএমসি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়িক জ্ঞান, উদ্যোক্তা মনোভাব, নেতৃত্ব ও কর্মজীবন বিষয়ক দক্ষতা বিকাশে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক বিজনেস সামিট শিক্ষার্থীদের জন্য নিজেদের দক্ষতা তুলে ধরা, নতুন ধারণা বিনিময় করা এবং দেশ-বিদেশের সমমনা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সামিটের আয়োজন সম্পর্কে ডিআরএমসি বিজনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মনাকিব হাসান নিবির বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ডিআরএমসি বিজনেস ক্লাবের মডারেটর মো. জাফর ইকবালের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় ক্লাবটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

তৃতীয় ডিআরএমসি আন্তর্জাতিক বিজনেস সামিট আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব ও উদ্ভাবনী চিন্তার বিকাশে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের সংযোগ তৈরিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।