logo
Advertisement

ভালো কাজ করলে পদক ও পুরস্কার পাবেন শিক্ষকরা

এশিয়া পোস্ট প্রতিবেদক
ভালো কাজ করলে পদক ও পুরস্কার পাবেন শিক্ষকরা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ছবি : গণমাধ্যম থেকে নেওয়া

দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরের শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে পদক ও পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেয়া হয়েছে।

Advertisement

সম্প্রতি মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর নাজমুল হক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। গত ২৮ জুলাই প্রধানমন্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার মানোন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় শিক্ষকদের পাঠদান ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে এই পুরস্কার ও পদক প্রবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে বেশ কিছু বিশেষ মানদণ্ড বা যোগ্যতার কথা বলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান, নিষ্ঠা এবং কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনার পারদর্শিতা।

পাশাপাশি শিক্ষা উপকরণ ও শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে পারদর্শিতা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সহকর্মী ও কর্তৃপক্ষের সাথে সহযোগিতার মনোভাব এবং চারিত্রিক দৃঢ়তা ও সততা বিবেচনা করা হবে।

এছাড়াও শিক্ষকদের পোশাক-পরিচ্ছদ, চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা, পেশাগত বা গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, পাঠ্যপুস্তক প্রণয়নে অবদান, সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠন এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতিষ্ঠান পুন:সজ্জিতকরণের বিষয়গুলোও মূল্যায়নের মানদণ্ড হিসেবে যুক্ত করা হয়েছে।