শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে এমন ব্যবস্থা করা উচিত, যাতে শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন। আর যদি কেউ নির্বাচন করতে চান, তাহলে আগে চাকরি ছেড়ে দিতে হবে।
তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের ও উন্নয়নের জন্য আমরা যে বিনিয়োগগুলো করছি, সেগুলো যেন যথাযথভাবে হয়। আমরা যেন আগামী দিনে একটি সুন্দর জাতি গঠন করতে পারি—এই প্রত্যয় নিয়েই আজকের প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সেই প্রত্যয়ের সার্থকতা আমরা সবাই যেন নিশ্চিত করতে পারি। শিক্ষা মন্ত্রণালয়ের অবদান এই জাতির জন্য সর্বোচ্চ হতে হবে। যে কোনো মূল্যের বিনিময়ে আগামী দিনের বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে।
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ছাড়াও শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনেস্কো প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





