logo

‘কৃষি কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি শেকৃবি ছাত্রদল নেতার’ শীর্ষক সংবাদের প্রতিবাদ 

‘কৃষি কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি শেকৃবি ছাত্রদল নেতার’ শীর্ষক সংবাদের প্রতিবাদ 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবীর তার বিরুদ্ধে ওঠা প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে প্রতিবাদ জানিয়েছেন। 

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় এশিয়া পোস্ট অনলাইনে প্রকাশিত ‘কৃষি কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি শেকৃবি ছাত্রদল নেতার’ শীর্ষক সংবাদের প্রেক্ষিতে তিনি এই প্রতিবাদ জানান। 

প্রতিবাদলিপিতে আলমগীর কবীর দাবি করেন, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজুমদারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদলিপিতে ছাত্রদল নেতা বলেন, ঘটনার দিন মূলত আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে ড. কাইয়ুমের সঙ্গে তার আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে ওই কর্মকর্তা বিএনপি সম্পর্কে কটূক্তি করলে তিনি এর প্রতিবাদ জানান। 

আলমগীর কবীর আরও বলেন, তিনি জানতে পেরেছিলেন যে আউটসোর্সিংয়ের নামে আওয়ামী লীগের কিছু লোককে পুনরায় পুনর্বাসনের চেষ্টা চলছে। এ সময় তিনি প্রকল্প পরিচালককে ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে তার উপস্থিতির ছবি দেখালে ওই কর্মকর্তা বিষয়টি স্বীকার করে নেন। পরবর্তীতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই তাদের কথোপকথন শেষ হয় বলে তিনি দাবি করেন।

প্রকাশিত সংবাদের বিষয়ে বিস্ময় প্রকাশ করে ছাত্রদল নেতা বলেন, কোনো ধরনের শারীরিক লাঞ্ছনা বা প্রাণনাশের হুমকির প্রশ্নই ওঠে না। ইফতারের ঠিক আগ মুহূর্তে এশিয়া পোস্টে এই বানোয়াট সংবাদ এবং মহাপরিচালক বরাবর করা ভিত্তিহীন আবেদনপত্রটি প্রচার করা হয়েছে।

ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি উল্লেখ করেন। বিভ্রান্তিকর এই সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।