পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতের বাজেট নিয়ে ইউজিসির ব্যাখ্যা

এশিয়া পোস্ট প্রতিবেদক
পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতের বাজেট নিয়ে ইউজিসির ব্যাখ্যা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। লোগো: সংগৃহীত

সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণা খাতে বাজেট বরাদ্দ নিয়ে প্রকাশিত সংবাদের স্পষ্টীকরণ ও ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শুক্রবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই ব্যাখ্যা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬–২০২৭ অর্থবছরে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে ইউজিসি ২২৬ কোটি টাকা বরাদ্দ রেখেছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। কাজেই ‘গবেষণা খাতে কোনো বাজেট বরাদ্দ রাখা হয়নি’ মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। একই সঙ্গে গবেষণা খাতে দ্বৈততা পরিহারের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা প্রকল্পে অর্থায়ন পদ্ধতি আরও সহজ, স্বচ্ছ ও গবেষক-বান্ধব করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বকীয়তা, গবেষণার অগ্রাধিকার ও বিষয়ভিত্তিক বৈচিত্র্য ক্ষুণ্ন হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬–২০২৭ অর্থবছরের গবেষণা খাতের বরাদ্দ প্রদানের নিমিত্তে সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে তাদের গবেষণা পরিকল্পনা, উপখাতভিত্তিক অর্থের চাহিদা এবং বাজেট প্রাক্কলন দ্রুত কমিশনে পাঠানোর অনুরোধ জানিয়ে গত ২ জুলাই চিঠি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ ছাড়ের কার্যক্রম সম্পন্ন করবে ইউজিসি।