আইইউবিএটির সব ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর চারটি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এই স্বীকৃতি প্রদান করেছে।
স্বীকৃতিপ্রাপ্ত বিভাগগুলো হলো- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ছয় বছরের জন্য এ অ্যাক্রেডিটেশন কার্যকর থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এবারের আবেদন করা চারটি প্রোগ্রামই সফলভাবে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে স্বীকৃতি পেয়েছে। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একসঙ্গে সব ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন অর্জনের ঘটনা আইইউবিএটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
অ্যাক্রেডিটেশন পাওয়ার ফলে এসব প্রোগ্রামের শিক্ষাক্রম আন্তর্জাতিক মানের হিসেবে স্বীকৃতি পেল। এতে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ এবং আন্তর্জাতিক চাকরির ক্ষেত্রে সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত মান যাচাইয়ের মাধ্যমে শিক্ষার গুণগত মান বজায় থাকবে।
এ ছাড়া ভবিষ্যতে ওয়াশিংটন অ্যাকর্ডের মতো আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনাও আরও জোরালো হলো বলে মনে করছে সংশ্লিষ্টরা।
বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) দেশের প্রকৌশল শিক্ষার মান নিয়ন্ত্রণ ও মূল্যায়নের দায়িত্বে রয়েছে। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর অধীন এই সংস্থাটি নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে শিক্ষাক্রম মূল্যায়ন করে অ্যাক্রেডিটেশন প্রদান করে।
উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম পুরনো প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক পরিচালক অধ্যাপক ড. এম. আলিমউল্লাহ মিয়ানের উদ্যোগে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে অবদান রেখে আসছে।