‘শিক্ষার্থীর কল্যাণ নিশ্চিত করাই শিক্ষকের মূল দায়িত্ব হওয়া উচিত’

শিক্ষার্থীদের কেন্দ্র করেই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব কর্মকাণ্ড পরিচালিত হয়। তাই শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া এবং তাদের সমস্যা ও সংকটে পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একজন শিক্ষক প্রকৃত অর্থে ভালো শিক্ষক হয়ে উঠতে পারেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গল দেখেন না, তিনি ভালো শিক্ষক হতে পারেন না। শিক্ষার্থীদের বিপদে শিক্ষকদের পাশে দাঁড়াতে হবে, বন্ধুর মতো আচরণ করতে হবে এবং তাদের কাছ থেকেও শেখার মানসিকতা রাখতে হবে।
শিক্ষকতা কেবল চাকরি নয়, বরং জীবনব্যাপী সাধনা উল্লেখ করে আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, আনুষ্ঠানিক প্রশিক্ষণের পাশাপাশি একজন শিক্ষককে সারা জীবন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হয়। জ্ঞানের জগৎ সীমাহীন। তাই নিরবচ্ছিন্ন পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে হবে।
তিনি বলেন, উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আনতে দক্ষ ও জ্ঞানসম্পন্ন শিক্ষক প্রয়োজন। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা বলা হলেও এত দিন এ ধরনের কাঠামোবদ্ধ প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। ইউজিসির হিট প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়ায় তিনি ইউজিসি কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং এ ধরনের প্রশিক্ষণ নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান।
অনুষ্ঠানে হিট প্রকল্পের ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং প্রশিক্ষণ কোর্সের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান বক্তব্য দেন। এ ছাড়া বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ ইউজিসি, বাউবি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



