logo

সরকার ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করছে: জকসু ভিপি 

সরকার ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করছে: জকসু ভিপি 

সরকার ব‍্যর্থতা ঢাকতে একের পর এক ক‍্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে তুলেছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রিয়াজুল ইসলাম বলেন, বর্তমান সময়ে যখন তেলের সংকটে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত, বিদ্যুতের ঘাটতিতে জনগণ ভোগান্তিতে এবং গ্যাসের অভাবে উৎপাদন কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেইসঙ্গে হাজার হাজার কোটি টাকা ঋণের বোঝায় ব্যাংক খাতও সংকটের মুখে—তখন সরকারের ব্যর্থতা আড়াল করতে ক্যাম্পাসগুলোতে নেড়ি কুকুরের মতো অস্থিতিশীল করতে ছাত্রদল নামক সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, সরকার যদি তাদের দেওয়া অঙ্গীকার এবং জুলাই আন্দোলনের ইতিহাস ও আন্দোলনকারীদের অবদান ভুলে যায়, তাহলে এ দেশে জুলাই বসন্ত নেমে আসবে। আবারও মানুষের ডাকে হাজার হাজার তরুণ জীবন দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে, তখন পালানোর পথ খুঁজে পাবেন না।

জকসু ভিপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই আপনারা দেশকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করুন এবং জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখুন। একইসঙ্গে তিনি জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ও লক্ষ্য ছিল, তা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণেরও আহ্বান জানান।