logo

নোবিপ্রবিতে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

নোবিপ্রবিতে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন
কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন করা হয়।

‘নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে সোমবার (১১ মে) যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। এ উপলক্ষে বেলা ১১টায় নোবিপ্রবি সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস) কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এশিয়া পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তৌফিক আল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নোবিপ্রবিসাসের উপদেষ্টা অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক ইফতেখার হোসাইন ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলাম।

এ ছাড়াও নোবিপ্রবিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলাম বলেন, ‘পলাশ মাহমুদের নেতৃত্বে এশিয়া পোস্ট ভবিষ্যতে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। গণমাধ্যম সমাজের বিভিন্ন সমস্যা, দুর্নীতি ও অসংগতি তুলে ধরে জনসচেতনতা তৈরি করে এবং অনেক ক্ষেত্রে সমাধানের পথও সৃষ্টি করে। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সময়ের দাবি।’

নোবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ‘বর্তমান সময়ে তথ্যের অবাধ প্রবাহের কারণে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব অনেক বেড়ে গেছে। এশিয়া পোস্ট দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। আমি কোনো অন্যায় করছি কি না, দুর্নীতি করছি কি না, অনিয়ম করছি কি না এগুলো দেখলে নিউজ করবা। পজিটিভ, নেগেটিভ নিউজ যেটাই হোক তোমাদের যেন উদ্দেশ্য থাকে নোবিপ্রবির মঙ্গল। আমরা নোবিপ্রবির মঙ্গলের জন্য, দেশের জন্য কাজ করব।’