বেফাকের ফল প্রকাশ, পাসের হার ৮০.৯৫ শতাংশ

বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে গড় পাসের হার ৮০.৯৫ শতাংশ।
বুধবার (১৮ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ীতে বেফাক মিলনায়তনে বেলা ১১টায় বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ ফলাফল ঘোষণা করেন।
এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (তৃতীয় বিভাগ) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭১ জন।
পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইটে (www.wifaqresult.com) পাওয়া যাবে। এ সময় শুধু ২০২৬ সালের নতুন ফলাফলই দেখা যাবে।
২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ফলাফল শাওয়াল মাস থেকে ওয়েবসাইটে দেখা যাবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
চলতি বছরের ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে সাতটি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ২ হাজার ৪০৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ১ লাখ ৫০ হাজার এবং ছাত্রী ছিল ২ লাখ ২৩ হাজার ২০৩ জন।