logo

পদত্যাগের সিদ্ধান্ত ডাকসু নেতা সর্বমিত্র চাকমার

পদত্যাগের সিদ্ধান্ত ডাকসু নেতা সর্বমিত্র চাকমার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। সোমবার (২৬ জানুয়ারি) নিজের ফেসবুকে দেওয়া পোস্টে এমন তথ্য জানিয়েছেন তিনি।

ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে (শারীরিক শিক্ষা কেন্দ্র) তার নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে ওঠবস করানোর দুটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন।

পোস্টে সর্বমিত্র লেখেন, আমাকে নির্বাচিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অনেক প্রত্যাশা নিয়েই নির্বাচিত করেছে। পুরো ক্যাম্পাসটাকে নিরাপদ করার উদ্দেশ্যে দায়িত্ব গ্রহণের শুরু থেকে ক্যাম্পাসে রেজিস্টার্ড রিকশা চালুকরণ, ক্যাম্পাসে যানবাহন সীমিতকরণসহ এ পর্যন্ত বিভিন্ন প্রস্তাব প্রশাসনে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, সর্বশেষ ইস্যু সেন্ট্রাল ফিল্ড, সেখানে সিসি ক্যামেরা পর্যন্ত নেই, নিরাপত্তা তো দূর! নারী শিক্ষার্থীদের হেনস্তা থেকে শুরু করে মোবাইল-মানিব্যাগ চুরি, সাইকেল চুরিসহ প্রায় বিভিন্ন ঘটনা ঘটে। এদিকে ফিমেল স্টুডেন্টরা অভিযোগ জানায়, বহিরাগতদের জন্য তারা মাঠে খেলতে পারে না, হেনস্তার শিকার হয়।

 

ডাকসু ডিএমসি সংলগ্ন দেওয়াল সংস্কারের কাজের ফাইল প্রশাসন থেকে ফিরে আসে, এদিকে ওই দেওয়াল টপকে বহিরাগতরা প্রবেশ করে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। কয়েকজন বহিরাগতকে কান ধরে ওঠবস করানোর ঘটনা গত মাসের বলে জানান সর্বমিত্র চাকমা।

তিনি বলেন, সে সময় চুরি-ছিনতাইয়ের ঘটনা অত্যধিক বেড়ে যায়, আমার পন্থা ভুল হলেও প্রশাসনের স্থবিরতাসহ বিভিন্ন কারণে আমার মনে হয়েছে এ কঠোরতা ছাড়া বহিরাগত দমন করে সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। 

সর্বমিত্র বলেন, আমার ভাবনা চিন্তায় স্রেফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। আমি বিভিন্ন জায়গায় হাত দিয়েছি, একা। চেষ্টা করেছি সমাধানের, নিজের দায়িত্বের বাইরে গিয়েও। কিন্তু যত যাই হোক, আইন তো আইনই। এ দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যক্তিগত জীবন, মানসিক অবস্থা বিষিয়ে তুলেছে। আমার আর কন্টিনিউ করার সক্ষমতা নেই।

নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কারও প্রতি অভিমানবশত বা প্ররোচিত হয়ে এ সিদ্ধান্ত নেইনি। কাজ করা যেখানে কঠিন, অসম্ভব, সেখানে পদ ধরে রাখার কোনো মানে নেই।

এর আগে, বহিরাগতদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। এদিন দুপুরে দেওয়া আরেক পোস্টে তিনি লেখেন, এটি কোনোভাবেই আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি স্বীকার করছি, এভাবে কাউকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।