logo

কেন্দ্রীয় শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যাচেষ্টা

কেন্দ্রীয় শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যাচেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার (১৫ মার্চ) রাত ৯টা ১৫ মিনিট নাগাদ রাকিব নামে এক যুবককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি অপারেশন খোকন মিয়া। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব নিয়মিত শহীদ মিনার এলাকায় আড্ডা দিতেন। আজও মাগরিবের নামাজের পর আড্ডা দেওয়ার জন্য সেখানে যান। এ সময় মোটরসাইকেলে ৪-৫ জন এসে তার ওপর গুলি চালায় এবং দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়।

জানা গেছে, সেই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সদস্যরা তাদের ধাওয়া করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পেট্রোরিয়াল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্যরত কর্মকর্তারা মিলে হামলাকারীদের একজনকে ধরতে সক্ষম হন।

আহত রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। মাথায় গুলি লেগেছে এবং কোমরের পাশে জখম হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি গুলির খোসা উদ্ধার করেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।